প্রায় মহামারী রুপ নেয়া চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পৌরসভা সহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম নেয়ার নির্দেশণা দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
তিনি বলেন, এ জন্য সকল শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শহরের সকল ঝোপঝাড় পরিস্কার করতে হবে। শহরগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। জলাশয়গুলোকে কচুরীপানা সহ আবর্জনামুক্ত করতে হবে। মশা পানিতে জন্ম নেয় কিন্তু ঝোপঝাড়ে আশ্রয় নেয়। প্রতিমন্ত্রী আড়াইশ শয়্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শয়্যা সংখ্যা বাড়ানোর প্রস্তাব পাঠানোর জন্য জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশণা দেন।
আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা এবং জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী।
প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। নির্বাচনী মেনিফেষ্টো অনুযায়ী সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সবসময় বলেন, তিনি সারাদেশের মানুষের প্রধানমন্ত্রী। সারাদেশের উন্নয়ন সমান হবে। গ্রামগুলোর উন্নয়ন করা হবে। সকল উন্নয়ন সুষম হবে। সকল শিশু বিদ্যালয়ে যাবে।রাষ্ট্রের সকল সুবিধা যেন সবাই পায় সেজন্য সরকার কাজ করছে। সরকারি কর্মচারীদের সরকারের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে।
প্রতিমন্ত্রী আব্দুল বারী মাদক সমস্যা নিরসনে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ জন্য খেলাধুলোর প্রতি সরকার গুরুত্ব দিয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, হাটে-বাজারে, সড়কের মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। মাদক নিয়ন্ত্রণ করতে হবে। তিনি খাল খনন, সোলার বিদ্যুৎ, কৃষি,সার সংকট, বৃক্ষরোপন, ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী, গ্রামীন সড়ক, সেতু, সরকারি অফিসগুলোর জন্য সমন্বিত অফিস ভবন, সরকারি কর্মচারীদের আবাসন, স্কুল-কলেজ ভবন সহ জেলার উন্নয়নের বিভিন্ন সেক্টর নিয়ে সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি কেরামত আলী, রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অন্যরা। সভার পূর্বে প্রতিমন্ত্রী জেলা মডেল মসজিদ সংলগ্ন সড়কে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দেন।