এল ক্লাসিকোয় জয় ও জোড়া গোলের সঙ্গে রেকর্ডের ঝুলি! কিলিয়ান এমবাপের জন্য রাতটা ছিল স্বপ্নের মতো। বার্সেলোনার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারানোর পথে ফরাসি ফরোয়ার্ড শুধু রিয়াল মাদ্রিদকে মূল্যবান জয়ই এনে দেননি, ভেঙেছেন লিওনেল মেসির একটি রেকর্ডও। এই ম্যাচে রিয়ালের জার্সিতে পূর্ণ করেছেন গোলের সেঞ্চুরি।
রবিবার (২৬ অক্টোবর) রাতে ক্যাম্প ন্যুয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় এমবাপের জোড়া গোলেই জয় পায় রিয়াল। বার্সেলোনার বিপক্ষে নিজের প্রথম ৭টি ক্লাসিকোয় তার গোলসংখ্যা এখন ৮। একবিংশ শতাব্দীতে এই প্রতিদ্বন্দ্বিতার প্রথম সাত ম্যাচে মেসির গোল ছিল ছয়টি। সেই হিসাবেই আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেললেন এমবাপে।
রিয়ালের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। ক্লাবটির হয়ে নিজের প্রথম সাতটি ক্লাসিকোয় আট গোল করার নজির এর আগে ছিল কেবল জোসেপ সামিতিয়ার ও পাহিওর। সামিতিয়ার এই কীর্তি গড়েছিলেন ১৯৩২ সালে, আর পাহিও ১৯৫১ সালে।
বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় গোলটি করে রিয়ালের হয়ে ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন এমবাপে। ক্লাবটির হয়ে ১১৬ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।
তবে, রিয়ালের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোল করা খেলোয়াড়দের তালিকায় এমবাপের ওপরে রয়েছেন আরও চারজন। ফেরেন্স পুসকাস ১০১ ম্যাচে, ক্রিস্তিয়ানো রোনালদো ১০৫ ম্যাচে এবং আলফ্রেডো দি স্তেফানো ও পাহিও ১১৪ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।
এমবাপের রেকর্ডের রাতটি রিয়ালের জন্য আরও বিশেষ হয়ে উঠেছে বার্সেলোনার ঘরের মাঠে জয় দিয়ে। এই হারে নিজেদের মাঠে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার ধারাও শেষ হলো কাতালান ক্লাবটির।
এল ক্লাসিকোতে জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। তাদের মাঝখানে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।