মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 20, 2026
October 20, 2026
জাতীয়
জাতীয়

দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী

Published: October 20, 2026 at 12:18 PM
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছেড়েছে মানুষ। এতে মহানগরীর রাস্তাঘাট একদমই ফাঁকা। নেই যানজট, স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন নগরবাসী। নেই কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও। চিরচেনা রাজধানী এখন অনেকটাই শান্ত ও ভিন্ন আমেজে রূপ নিয়েছে। মঙ্গলবার রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, হাতিরঝিল এলাকা, রামপুরা, বাড্ডা, বনানী, কুড়িল বিশ্বরোড়, খিলক্ষেতসহ বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।


সরেজমিনে দেখা যায়, ঢাকার অধিকাংশ সড়কই ফাঁকা। বাসস্ট্যান্ডগুলোতে নেই যাত্রীদের দীর্ঘলাইন। ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর রোড ও সংসদ ভবন রোডের মতো ব্যস্ত সড়কেও নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। এসব সড়ক দিয়ে যাতায়াত করতে যেখানে স্বাভাবিক সময়ে ঘণ্টার পর ঘণ্টা লাগতো, সেখানে এখন গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে অর্ধেকেরও কম। সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা ও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নগরবাসী।


ছুটিতে থাকা বেসরকারি চাকরিজীবী মেহেরুল সুজন বলেন, ‘ছুটির কারণে ঢাকা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ঢাকায় পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। দুপুরে একটি ভালো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সেরে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরে বাসায় ফিরব। কারণ, স্বাভাবিক সময়ে এমন ফাঁকা ঢাকা পাওয়া যায় না।’


বিজয়নগর এলাকার বাসিন্দা কালাম আজাদ জানান, এমন পরিস্থিতিতে কয়েক দিন ঢাকায় নির্বিঘ্নে চলাচল করা যাবে। ছুটি শেষ হলে আবারও চিরচেনা রূপে ফিরবে এই শহর। তবু সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন বলেও জানান তিনি।