সোমবার ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় মহাষ্টমী উদ্‌যাপন চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা বিচ্ছেদের পর নতুন ছবিতে ধরা দিলেন শেহতাজ চীনের প্রত্যন্ত তৃণভূমিতে এআইয়ের বিশাল কম্পিউটিং কেন্দ্র, বদলে যাচ্ছে অর্থনীতি জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে সাফাই ভেনেজুয়েলার বিরোধী জোটের নেতা হিসেবে মাচাদোর প্রতি ফের সমর্থন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর
Printed on: October 19, 2026
October 19, 2026
জাতীয়
জাতীয়

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: October 19, 2026 at 02:18 PM
পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) তিন বিভাগের তিন জেলায় তাঁর এ সফরের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এটিই প্রথম। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সফরসূচিতে যা রয়েছে

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।