রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 17, 2026
জাতীয়
জাতীয়

দুর্গাপূজার ছুটিতেও আমদানি-রফতানি সীমিত পরিসরে চলবে

Published: October 17, 2026 at 09:37 AM
দুর্গাপূজার ছুটিতেও আমদানি-রফতানি সীমিত পরিসরে চলবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও দেশের কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির দিনগুলোতে এ কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এনবিআরের কাস্টমস নীতি বিভাগ থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম।


নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, ভোমরাসহ বিভিন্ন কাস্টমস হাউস ও স্টেশনের কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকেও বিষয়টি জানানো হয়েছে।


এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার অব কমার্স, ঢাকা মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।


এনবিআরের এ উদ্যোগের লক্ষ্য হলো সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন কমানো এবং দেশের বাণিজ্য সচল রাখা। তবে নির্দেশনায় ছুটির দিনগুলোতে কোন কোন সেবা কী সময়সূচিতে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।