বুধবার ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 14, 2026
October 14, 2026
জাতীয়
জাতীয়

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

Published: October 14, 2026 at 11:10 AM
চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এসআরবি। তাঁদের মধ্যে মাত্র দুজন দেশে ফিরতে পেরেছেন। এখনো ছয়জন যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান। এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রের মূল হোতা মিজানসহ দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


এসআরবির তথ্য অনুযায়ী, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ভালো বেতনের চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমান এসব বাংলাদেশি। কিন্তু সেখানে পৌঁছানোর পর চাকরি দেওয়ার পরিবর্তে তাঁদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। একটি মানব পাচার চক্র প্রতারণার মাধ্যমে তাঁদের সেখানে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।


অভিযোগ রয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে ড্রোনের নিচে বাংলাদেশিদের পাঠানো হতো। এভাবে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধারের সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ বলে জানানো হয়েছে। এসআরবি আরও জানায়, পাচার চক্রের ফাঁদে পড়া ছয় বাংলাদেশি এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন। অন্য দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআরবির এক সদস্য। এ ধরনের প্রতারণার ফাঁদে আর কেউ যেন না পড়েন, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।