মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 13, 2026
October 13, 2026
জাতীয়
জাতীয়

দেশের সব মাদ্রাসায় নজরুল বর্ষ উদযাপনের নির্দেশ

Published: October 13, 2026 at 01:53 PM
দেশের সব মাদ্রাসায় নজরুল বর্ষ উদযাপনের নির্দেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চা ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ বিষয়ে চিঠি নির্দেশনা প্রকাশ করেছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদফতর দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানের পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে নজরুলচর্চা ও তার সৃষ্টিকর্ম সংরক্ষণ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সৃজনশীলতা বিকাশ এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


প্রতিযোগিতায় নজরুলের ইসলামি সংগীত ও গজল, হামদ-নাত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, রচনা, একক নৃত্য এবং নির্ধারিত ও উপস্থিত বক্তৃতার মতো বিষয় রাখা হয়েছে। শিক্ষার্থীদের স্তর অনুযায়ী আলাদা বিভাগ ও প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী অংশ নিতে পারে। রচনা প্রতিযোগিতায় মৌলিক লেখা জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। রচনা হাতে লিখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যসূত্র ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের স্তরভেদে রচনার শব্দসীমা ৫০০ থেকে ২ হাজার শব্দের মধ্যে নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিযোগিতার কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা নিতে হবে।