সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 12, 2026
October 12, 2026
বিনোদন
বিনোদন

প্রাক্তন স্ত্রীর বিয়ে পড়ালেন টোবি ম্যাগুয়ার, সাক্ষী প্রথম চুমুর

Published: October 12, 2026 at 02:09 PM
প্রাক্তন স্ত্রীর বিয়ে পড়ালেন টোবি ম্যাগুয়ার, সাক্ষী প্রথম চুমুর

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘স্পাইডার-ম্যান’ তারকা এবার নিজের অভিনয়ের জন্য নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে বিশেষ ভূমিকা রাখার কারণে খবরের শিরোনামে এসেছেন।


জেনিফারের নতুন জীবনের শুরুতে পাশে ছিলেন টোবি। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসর্ট লানাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসি। বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন টোবি ম্যাগুয়ার নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের কয়েকটি ছবি ঘিরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার।

তারকাদের উপস্থিতিতে জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠানটি। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিয়োনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।


টোবি ও জেনিফারের পরিচয় থেকে দাম্পত্যের শুরু ২০০৭ সালে। প্রায় নয় বছর পর ২০১৬ সালের অক্টোবরে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। এরপর ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাদের দুই সন্তান রয়েছে।

বিচ্ছেদের পর জেনিফারের জীবনে নতুন সম্পর্কের সূচনা হয় জিয়োফ্রির সঙ্গে। ২০২৩ সালে তাদের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। একই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে লালগালিচায় দেখা যায়। পরে ২০২৪ সালের আগস্টে বাগ্‌দানের খবর জানান জেনিফার। এরপর ২১ জুন পিতৃদিবসে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জিয়োফ্রির সঙ্গে সন্তানের জন্মের খবর প্রকাশ করেন জেনিফার। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।


প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির উপস্থিতি এবং পুরো অনুষ্ঠানে তার ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে।