চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২, ১৫, ১৪ নম্বর ওয়ার্ডের হুজরাপুর, মসজিদপাড়া, শিবতলা, পিটিআই বস্তি, চাঁদলাই, পোল্লাডাঙ্গা, আজাইপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর শনাক্ত আবারো শতাধিক ছাড়িয়েছে। এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১১৬ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৯৭ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে ৫৫ জনকে জেলা হাসপাতালে, ৪ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৬ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে ৪২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
অন্যদিকে সুস্থ হওয়ায় ৫৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৮৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে ভর্তি হন ২ হাজার ৪৫৭ জন রোগী।