আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত প্রস্তুতি সূচি সাজিয়েছে আফগানিস্তান ফিউচার স্টার্স। বাংলাদেশ ও ওমানের বিপক্ষে মোট সাতটি ইয়ুথ ওয়ানডে খেলবে আফগানিস্তানের যুবারা। সিরিজের সূচি ও স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছাবে আফগানিস্তান ফিউচার স্টার্স। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে তারা। ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করার পর স্বাগতিক ওমান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আরও দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান। ম্যাচ দুটি হবে ২৭ ও ৩০ অক্টোবর।
নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপ ২০২৬ সামনে রেখেই মূলত এই প্রস্তুতি সিরিজগুলো আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের আগে নিজেদের দলকে ম্যাচ খেলার মধ্যে রাখার পাশাপাশি ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা দেওয়াই থাকবে আফগানিস্তানের লক্ষ্য।এদিকে আসন্ন ম্যাচগুলোর জন্য আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলও চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) জাতীয় নির্বাচক কমিটি। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে সোহেল খানকে। মূল স্কোয়াডে রাখা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে। তাদের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন আরও তিনজন।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পর ওমানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেই এশিয়া কাপের প্রস্তুতির শেষ ধাপে যাবে আফগানিস্তান ফিউচার স্টার্স, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ইয়ুথ ওয়ানডে সূচি : ১৩ অক্টোবর, ১৬ অক্টোবর, ১৮ অক্টোবর, ২১ অক্টোবর ও ২৩ অক্টোবর। ওমান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে : ২৭ অক্টোবর ও ৩০ অক্টোবর। আফগানিস্তানের এই প্রস্তুতি সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা পাঁচটি ম্যাচ হওয়ায় দুই দলের তরুণ ক্রিকেটারদের জন্যই এটি এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হতে যাচ্ছে।
আফগানিস্তান ফিউচার স্টার্সের স্কোয়াড- ফরিদ জাদরান, সুবহান আলি, নোমান সোলারজি, ফয়সাল মুবারিজ, তাহের সারওয়ারি, আবিদুল্লাহ আবিদ, হামজা আলিখিল, আমির হামজা, সামি মুবারিজ, মোহাম্মদ আলি, লুতফুল্লাহ, আব্দুল্লাহ হামদার্দ, ইমরান মোহাম্মদি, নূর আলি নিয়াজাই। রিজার্ভ- হাইবাত খান, হিকমাতুল্লাহ ও বিলাল সুলিমানখিল।