রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 04, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী

Published: October 04, 2026 at 12:55 PM
বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। তবে শ্রমিক পাঠানোর আগে দেশটির নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা নিশ্চিত করা হবে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে পাঠানোর কার্যক্রম শুরু হবে। এরপর মালয়েশিয়া থেকে বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা আসার ভিত্তিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে।

শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না; মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে হবে। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তাঁরা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই নিয়োগদাতাদের চাহিদা আগে নির্ধারণ করে সেই অনুযায়ী শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, মালয়েশিয়ার যেসব নিয়োগদাতা শ্রমিক নেবেন, তাঁরা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। এরপর নির্বাচিত শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হবে।

এ প্রক্রিয়ায় বোয়েসেলের পাশাপাশি অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকেও যুক্ত করা হবে। তবে শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো চূড়ান্ত করতে হবে। এখনো শ্রমিক পাঠানোর সব কার্যক্রম শুরু হয়নি। এমনকি শ্রমিকদের মেডিকেল পরীক্ষাসংক্রান্ত প্রক্রিয়াও অনুমোদন করা হয়নি বলে জানান মন্ত্রী।

মালয়েশিয়ার শ্রমবাজারে অতীতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও হয়রানির অভিযোগের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এবার এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার সতর্ক রয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক প্রস্তুত করে পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশে কর্মসংস্থান বাড়াতেও উদ্যোগ

এদিকে বিদেশে শ্রমিক পাঠানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের কথাও জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে। এর মাধ্যমে অনলাইন ও অফলাইনে চাকরিপ্রার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মীর চাহিদার একটি ডাটাবেস তৈরি করা হবে।

বিভিন্ন শিল্পে শ্রমিক ও কর্মচারীর চাহিদা নির্ধারণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার এবং ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড গঠন করা হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।