ভক্তদের কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন একক গান ‘পেশেন্ট জিরো’ প্রকাশের ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। আগামী শুক্রবার, ২৫ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হবে। তবে গান ঘোষণার চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে এর আগে সুইফটের ছড়িয়ে দেওয়া একের পর এক রহস্যময় ইঙ্গিত বা ‘ইস্টার এগ’। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফট জানান, ‘পেশেন্ট জিরো’ ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে এবং তাঁর ওয়েবসাইটে গানটির জন্য ২৪ ঘণ্টার প্রি-অর্ডার চালু থাকবে। একই সঙ্গে গানটির তিনটি সীমিত সংস্করণের সিডি বাজারে আনার কথা জানানো হয়েছে। এর মধ্যে মূল সংস্করণের পাশাপাশি অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও থাকছে। সিডিগুলো ১৩ অক্টোবর থেকে পাঠানো হবে। নতুন গানটি নিয়ে সুইফটের ঘোষণার আগেই অবশ্য তাঁর ভক্তরা বিভিন্ন সূত্র জোড়া লাগাতে শুরু করেছিলেন। ঘোষণার পোস্টেও তিনি একাধিক শূন্যের ইমোজি ব্যবহার করেন। পরে সেটিই ‘পেশেন্ট জিরো’ নামের সঙ্গে মিলিয়ে দেখেন ভক্তরা।
আরও একটি রহস্য তৈরি হয় সুইফটের ওয়েবসাইটে। তার পুরোনো একটি চিঠির পেছনে তৃতীয় একটি পৃষ্ঠা দেখা যায়, যা তখন ঢাকা ছিল। চিঠিটিতে প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং ফিরে পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু আপাতত সেই জল্পনাকে পাশ কাটিয়ে নতুন একক গানই সামনে এনেছেন সুইফট। ‘পেশেন্ট জিরো’-এর সঙ্গে ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’-এর যোগসূত্রও দেখা যাচ্ছে। গানটির সিডি বিক্রির পাতায় ওই অ্যালবামের লোগো রয়েছে এবং ওয়েবসাইটের নকশাতেও ‘শোগার্ল’ যুগের ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে গানটি আসলে কী নিয়ে- সে বিষয়ে সুইফট এখনো বিস্তারিত কিছু জানাননি। ‘পেশেন্ট জিরো’ নামটি সাধারণত কোনো সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথম আক্রান্ত ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। ফলে গানটির বিষয়বস্তু নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে নানা তত্ত্ব তৈরি হয়েছে। তবে গানের কথা প্রকাশের আগে এসবই অনুমান। এদিকে ২৫ সেপ্টেম্বর গানটি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই সুইফট আবার কোনো নতুন ঘোষণা দেবেন কি না, তা নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা চলছে। এছাড়াও সামনে আরও সংগীত বা নতুন কোনো প্রকল্পের ঘোষণা আসতে পারে বলে ভক্তদের মধ্যে জল্পনা অব্যাহত রয়েছে।