বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 09, 2026
জাতীয়
জাতীয়

দেশে হামে মৃত্যু হাজার ছাড়ালো

Published: September 09, 2026 at 12:08 PM
দেশে হামে মৃত্যু হাজার ছাড়ালো

দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার দুইজন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে নতুন করে এক হাজার ১১৯ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৫৮০ জন।

এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ৬৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে এক লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৮১৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিনজনসহ ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।