ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার আবেদন জানিয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের পর নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এ রায়ের ফলে ছবি ছাড়া কেউ জাতীয় পরিচয়পত্র করতে পারবেন না।
জানা যায়, ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করার সুযোগ চেয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি রিটটি করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা।
পরে ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ রিটটি খারিজ করে দেন আদালত।
এর ফলে জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে ছবিসহ নির্ধারিত পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া বহাল থাকল।