১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ উপলক্ষ্যে সংবেদনশীল স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে প্রত্যেক ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করেছে।নিজ নিজ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য এসব সংগঠনের অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে বিশেষ ক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক কনট্যাক্ট/ইনফরমার অথবা সোর্স নিয়োগ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার অনুষ্ঠানস্থলে গমনাগমনের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিবর্গের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারসহ র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা কোনো উগ্রবাদী গোষ্ঠীর অনুপ্রবেশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ যাতে না থাকে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাধ্যমে নাশকতা ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ দ্রব্যসামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক কার্যক্রম গ্রহণের জন্য র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। র্যাব ফোর্সেস জানায়, ১৫ আগস্ট উপলক্ষ্যে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব বদ্ধপরিকর। একই সঙ্গে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে র্যাব।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু ১; নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে বন্যার্তদের মাঝে চাল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয় ও ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা
ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
আসিয়ান কাপের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দিলেন হামজা
মানিকগঞ্জে দস্যূতা মামলার আসামী গোমস্তাপুরে গ্রেপ্তার
ভোলাহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ একজন আটক
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর তবে বেশি নিলে ব্যবস্থা
Printed on: September 23, 2026
August 13, 2026
জাতীয়
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র্যবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
সর্বশেষ খবর
শিবগঞ্জে বন্যার্তদের মাঝে চাল বিতরণ
Sep 22, 2026
ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫
Sep 22, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026