রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 12, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশ রেলওয়ের জন্য প্রথম এলএইচবি কোচ প্রস্তুত করলো ভারত

Published: August 12, 2026 at 09:59 AM
বাংলাদেশ রেলওয়ের জন্য প্রথম এলএইচবি কোচ প্রস্তুত করলো ভারত

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ), কাপুরথালা প্রথমবারের মতো ১৯টি এলএইচবি  ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি রেক প্রস্তুত করেছে। বুধবার এই রেকের আনুষ্ঠানিক উদ্বোধন (রোল আউট) করা হবে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের চাহিদা ও পরিচালন ব্যবস্থার কথা বিবেচনা করে এসব কোচে বেশ কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি এসব কোচে রয়েছে উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট। যাত্রীদের আরামের জন্য চেয়ারে একাধিক অবস্থানে হেলানোর সুবিধা রাখা হয়েছে। এছাড়া কোচগুলোতে যাত্রী নিরাপত্তা ও সুবিধার জন্য সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষ রাখা হয়েছে। বাংলাদেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় কোচের ছাদ কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে, যাতে অতিরিক্ত চাপ সহ্য করতে পারে।


বিশেষ করে ব্যস্ত সময়ে যাত্রীদের ছাদে ওঠার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় এ পরিবর্তন আনা হয়েছে। প্রযুক্তিগত দিক থেকেও এসব কোচে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ইউরোপীয় মানদণ্ড  অনুযায়ী দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা বাড়াতে ‘ক্র্যাশওয়ার্দি ডিজাইন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এজন্য কোচের বডি শেল কাঠামো নতুনভাবে নকশা করা হয়েছে। এলএইচবি কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে। যেখানে ভারতীয় রেলওয়ের প্রচলিত কোচে ৭৫০ ভোল্ট ব্যবহৃত হয়, সেখানে বাংলাদেশের জন্য তৈরি এসব কোচে ৪১৫ ভোল্ট অপারেশন ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতা শুরু হয় ২০১৫-১৬ সালে। ওই সময়ে বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে আবারও কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়। সাতটি ভিন্ন ভ্যারিয়েন্টে এসব কোচ সরবরাহ করা হবে।