সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে রোগী দেখায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বরখাস্তের নির্দেশ পাওয়া চিকিৎসক হলেন ডা. মঈনুল হাসান চিশতী। তিনি নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারি দায়িত্ব পালনের সময় ওই চিকিৎসককে সেখানে রোগী দেখারত অবস্থায় হাতেনাতে ধরেন তিনি।
ঘটনা প্রত্যক্ষ করার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে চিকিৎসক ডা. মঈনুল হাসান চিশতীকে বরখাস্তের নির্দেশ দেন।
সরকারি কর্মঘণ্টায় দায়িত্বে অবহেলা করে কোনো সরকারি চিকিৎসক যেন বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দিতে না পারেন, সে বিষয়ে কঠোর অবস্থানের বার্তাও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চিকিৎসকদের কর্মঘণ্টা ও দায়িত্ব পালনের বিষয়ে নিয়মিত নজরদারি এবং অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।