শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 27, 2026
জাতীয়
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি

Published: July 27, 2026 at 12:40 PM
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বৈঠকের জন্য এখনো নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ হয়নি। সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা সংসদ সচিবের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এ লক্ষ্যে স্পিকারের সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের ব্যবস্থা করতে সংসদ সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহযোগী কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত স্পিকারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।