“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রবিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
র্যালি শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারিগুলোর স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্টলগুলোতে বিভিন্ন তথ্যও তুলে ধরা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে নায়েমা আক্তার জানান, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই চাঁপাইনবাবগঞ্জে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
সাত দিনব্যাপী এ মেলায় প্রতিদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বিষয়ে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হবে।