চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
সভায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এ সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাল্যবিবাহের কুফল এবং আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।