চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢাকাগামী একটি এসি কোচে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা যাত্রীবেশে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মো. সুইট (২৪), তার স্ত্রী মোমেনা খাতুন (২৪), কাশিয়াবাড়ি গ্রামের মতিউর রহমান (৪০), তারাপুর গ্রামের জিহাদ আলী (২০) এবং নতুন বাররশিয়া গ্রামের অসীম আলী (২০)। গ্রেপ্তার মোমেনা খাতুনের সঙ্গে তার ছয় মাস বয়সী একটি শিশুও ছিল।
ডিএনসি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় একটি এসি কোচে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, গাঁজার চালান সংগ্রহের জন্য তারা কুমিল্লায় গিয়েছিলেন। সেখান থেকে গাঁজা নিয়ে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন।
ডিএনসির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সুইট দীর্ঘদিন ধরে কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করেন। সেই সুবাদে তিনি বিভিন্ন সময় চাঁপাইনবাবগঞ্জে গাঁজার চালান সরবরাহ করতেন। অপর গ্রেপ্তারদের সহযোগিতায় তারা সংঘবদ্ধভাবে কুমিল্লা থেকে গাঁজা এনে জেলার মাদকসেবীদের কাছে সরবরাহ করতেন। তাদের মধ্যে পারিবারিক ও ব্যক্তিগত পরিচয়ও রয়েছে। গ্রেপ্তার মতিউর রহমান মোমেনা খাতুনের বাবা এবং সুইট তার জামাতা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক চৌধুরী ইমলুল হাসান জানান, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।