চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই দিনে নদীর অন্য একটি ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আরও এক কিশোর। শুক্রবার (১৭ জুলাই) এ দুটি ঘটনা ঘটে।
নিহত কিশোর সুমন আলী (১৫) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চানভাসা চানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। নিখোঁজ কিশোর হাসিব (১২) মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে এবং মহারাজপুর আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুমন বন্ধুদের সঙ্গে ইসলামপুর এলাকার মহানন্দা নদীর গাজীপাড়া ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে মহারাজপুরের আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় হাসিব। তার সঙ্গে থাকা বন্ধুরা নদী থেকে উঠে এসে স্থানীয়দের বিষয়টি জানালে তারা তীব্র স্রোতের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসিবের সন্ধান মেলেনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছে। নিহতের মরদেহ নৌ-পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।