মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 30, 2026
June 30, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

Published: June 30, 2026 at 11:10 AM
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে- মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে এমনটি দেখা গেছে। ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৭০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক জানান, ২৫ জুন সংগ্রহ করা স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে তারা অনুমান করেছেন যে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল-১ স্যাটেলাইটের উচ্চ-রেজোলিউশনের রাডার চিত্র ব্যবহার করে এই হিসাব করেছেন।


গবেষকদের মতে, এটি একটি প্রাথমিক মূল্যায়ন এবং এখনো মাঠপর্যায়ে যাচাই করা হয়নি। তাই এই সংখ্যাকে চূড়ান্ত হিসাব হিসেবে নয়, একটি প্রাথমিক ধারণা হিসেবে দেখা উচিত। অন্যদিকে, দেশটির জাতীয় সংসদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। নাসা বলেছে, তাদের স্যাটেলাইটগুলো ক্ষয়ক্ষতির ছবি ও তথ্য সংগ্রহ করে উদ্ধারকর্মীদের পরিস্থিতি মূল্যায়ন এবং উদ্ধার অভিযান পরিচালনায় সহায়তা করছে। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহের দুই দফা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বহু এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি। ফলে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজন ও প্রতিবেশীদের উদ্ধারে কাজ করছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী লা গুয়েরায় মানুষ লোহার রড, হাতুড়ি ও গাঁইতি দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে নিখোঁজদের খোঁজ করছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।