মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 30, 2026
June 30, 2026
বিনোদন
বিনোদন

বরেণ্য চিত্রশিল্পী ও পাপেটম্যান মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা সম্পন্ন

Published: June 30, 2026 at 12:07 PM
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেটম্যান মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা সম্পন্ন

বাংলার শিল্প-সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব, বরেণ্য চিত্রশিল্পী ও পাপেটম্যান মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণে প্রয়াত শিল্পীর সহকর্মী, শুভানুধ্যায়ী, গুণগ্রাহী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই শিল্প, গণমাধ্যম ও সংস্কৃতির বিকাশে মুস্তাফা মনোয়ারের অসামান্য অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় বাবার কর্মজীবন, শিল্পচর্চা এবং মানুষের ভালোবাসার কথা তুলে ধরে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেন তাঁর ছেলে সাদাত মনোয়ার। এর আগে, সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী, নির্দেশক ও নির্মাতা মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান এবং তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, ঐতিহ্যবাহী পাপেট শিল্প ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে অনন্য ভূমিকা রেখে তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।