মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 30, 2026
June 30, 2026
বিনোদন
বিনোদন

‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা

Published: June 30, 2026 at 11:29 AM
‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও বিনোদনপাড়ায় শুরু হয়েছে তার ব্যক্তিগত জীবনের জোর আলোচনা। তবে অন্যান্য সময়ের মতো এবার কোনো তৃতীয়পক্ষের গুঞ্জন নয়, বরং স্বয়ং অভিনেত্রীর একটি ফেসবুক পোস্টই এই নতুন জল্পনার জন্ম দিয়েছে। নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ভক্তদের মাঝে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘এনগেজড’ বা বাগদান সম্পন্ন হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশ পাওয়া মাত্রই তার অনুরাগীদের মধ্যে জল্পনা ছড়িয়ে পড়ে যে, অভিনেত্রী হয়তো চুপিসারে বাগদান পর্ব সেরে ফেলেছেন। মুহূর্তের মধ্যেই সেই পোস্টের মন্তব্যের ঘরে জমা হতে থাকে শুভেচ্ছা আর হরেক রকমের প্রশ্ন। অনেকেই তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, আবার কেউ কেউ অভিনেত্রীর কাছে মিষ্টি খাওয়ার দাবিও তোলেন। তবে সেই সময়ে ভক্তদের কোনো মন্তব্যেরই সরাসরি জবাব দেননি নীহা। পরবর্তীতে এই বিষয়ে সব জল্পনার অবসান ঘটাতে গণমাধ্যমের মুখোমুখি হন নাজনীন নীহা। তিনি স্পষ্ট করেই জানান, তিনি এখনই কোনো বাগদান করেননি। তবে তিনি যে এখন একটি সম্পর্কে রয়েছেন, সেই সত্যটিই অকপটে স্বীকার করেছেন। নীহা বলেন, তিনি ফেসবুকে শুধু ‘এনগেজড’ লিখেছেন, যার মানে হলো তিনি এখন আর সিঙ্গেল বা একা নন, কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বাকি বিস্তারিত তথ্য সঠিক সময়ে সবাই জানতে পারবেন।


নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সততা বজায় রাখতে পছন্দ করেন জানিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, এই সম্পর্কের খবরটি লুকিয়ে না রেখে তিনি নিজেই সবাইকে জানিয়েছেন। ঠিক একইভাবে একটি উপযুক্ত ও সুন্দর সময়ে তিনি তার সঙ্গীর পরিচয়ও সবার সামনে নিয়ে আসবেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে গায়েহলুদের দুটি হাতের একটি ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জন উসকে দিয়েছিলেন নীহা। পরে অবশ্য জানা যায়, সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা ছিল না, বরং একটি নাটকের প্রচারণার অংশ ছিল।  তবে এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং নিজের নতুন সম্পর্কের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয়টি এখনই আড়ালেই রাখছেন নাজনীন নীহা।