রবিবার ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 28, 2026
June 28, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে আরাঘচি

Published: June 28, 2026 at 11:08 AM
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে আরাঘচি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। পরপর দুই দিন ধরে জাহাজে হামলার জেরে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাঘচি বলেন, আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সাম্প্রতিক অগ্রগতির বিষয়েও তাকে জানিয়েছি। তিনি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে। সব বাধা দূর করার পর এই গুরুত্বপূর্ণ নৌপথের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে। বর্তমানে আমরা সেটি নিয়েই কাজ করছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার পুরো দায়িত্ব শুধুমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এ ক্ষেত্রে অন্য কোনো দেশ বা পক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সমঝোতা স্মারকের আওতায় এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যেকোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করবে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যেকোনো আগ্রাসনের 'দাঁতভাঙা জবাব' দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপরই বর্তায়। এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দিনে মার্কিন হামলার মতো যেকোনো অজুহাতে শত্রুপক্ষ আগ্রাসন চালালে তার কঠিন জবাব দেওয়া হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থি এবং এর ফলে চলমান সব প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। তারা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে কিছু অস্পষ্ট দৃশ্য দেখা যায়। আইআরজিসি অবশ্য বলছে, সর্বশেষ হামলায় যুক্তরাষ্ট্র তাদের পাঁচটি উপকূলীয় অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র: আল জাজিরা