আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বজুড়ে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর ফল ভুলভাবে নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থায় এই ত্রুটি ঘটে। পরে সংশোধিত ফল প্রকাশ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অথবা সম্পূর্ণ ফি ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে। অফকোয়াল জানায়, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং সিস্টেমে দীর্ঘদিন ধরে থাকা একটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যা ঘটে। ওই সময়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে প্রায় ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়। ত্রুটির ফলে অনেক পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর ভুলভাবে নির্ধারিত হয়। পরে সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০ হাজার ৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর স্কোর আগের চেয়ে বেড়েছে। অন্যদিকে, ১ হাজার ১১৫ জনের স্কোর ভুলভাবে বেশি দেওয়া হয়েছিল, যা সংশোধন করে কমানো হয়। এ ঘটনায় আইইএলটিএসের অন্যতম অংশীদার কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে অফকোয়াল। সংস্থাটির ডেলিভারি বিভাগের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, দীর্ঘ সময় ধরে চলা এই পদ্ধতিগত ব্যর্থতা পরীক্ষার্থী ও ফল ব্যবহারকারী প্রতিষ্ঠান-উভয়ের জন্যই বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।
তিনি আরও জানান, ভুল ফলের কারণে অনেক শিক্ষার্থী জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন। এ কারণেই এই জরিমানা আরোপ করা হয়েছে। অন্যদিকে কেমব্রিজ ইংলিশ তাদের ত্রুটি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, সমস্যাটি সমাধান, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ, কাস্টমার সাপোর্ট ব্যবস্থা উন্নয়ন এবং ভবিষ্যতে এমন ত্রুটি এড়াতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে ইতিমধ্যে ৬০ লাখ পাউন্ডের বেশি ব্যয় করা হয়েছে। আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ বা সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত পরীক্ষায় প্রভাব পড়া কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে পুনঃপরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় স্কোর অর্জনের সুযোগও দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী আইইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।