বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 17, 2026
June 17, 2026
বিনোদন
বিনোদন

তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের

Published: June 17, 2026 at 11:18 AM
তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন। তীব্র শারীরিক কষ্ট এবং একের পর এক স্বাস্থ্য পরীক্ষা চলার পরও নিজের পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে নারাজ এই তারকা। সম্প্রতি মুম্বাইয়ে একটি লাইভ কনসার্টে অংশ নেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের এই অসুস্থতার কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি। ভিডিওতে সোনু নিগম জানান, গত এক সপ্তাহ ধরে তিনি ‘পিনচড নার্ভ’ বা স্নায়ু চেপে যাওয়ার সমস্যায় ভুগছেন। এই তীব্র ব্যথার উৎস ও কারণ নিশ্চিত হতে গত কয়েক দিন ধরে তাকে এমআরআই এবং সিটি স্ক্যানসহ নানা ধরনের জটিল মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। একইসঙ্গে নিয়মিত প্রচুর ওষুধ সেবন করতে হচ্ছে তাকে। চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে ফিজিওথেরাপির অভিজ্ঞতাকে অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন এই সংগীতশিল্পী। তিনি জানান, বর্তমানে ব্যথানাশক বা পেইনকিলারের ওপর নির্ভর করে তাকে দৈনন্দিন কাজ ও চলাচল করতে হচ্ছে। তবে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার গলা কিছুটা ভারী হয়ে গেছে, যা একজন পেশাদার গায়কের জন্য লাইভ পারফরম্যান্সের আগে বেশ উদ্বেগের বিষয়। এত বড় শারীরিক প্রতিবন্ধকতার পরও ভক্তদের হতাশ করতে চাননি সোনু নিগম। দীর্ঘ বিরতির পর মুম্বাইয়ের মঞ্চে ফিরছেন জানিয়ে তিনি স্পষ্ট করে বলেন, যত কষ্টই হোক না কেন, পূর্বনির্ধারিত কনসার্টটি বাতিল করার কোনো পরিকল্পনা তার নেই। যেকোনো মূল্যে তিনি মঞ্চে উঠবেন এবং দর্শকদের গান শোনাবেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সোনু নিগমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন লাখো ভক্ত-অনুরাগী। অসুস্থতার মধ্যেও শ্রোতাদের প্রতি এমন সততা, নিবেদন এবং অদম্য পেশাদারত্ব দেখে নেটিজেনরা এই কিংবদন্তি শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।