রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 14, 2026
June 14, 2026
জাতীয়
জাতীয়

দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ বাংলাদেশি হাজি

Published: June 14, 2026 at 12:23 PM
দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ১৩৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।


হজ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৩১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।


হজ অফিসের তথ্য অনুযায়ী, ফিরতি ১৩১টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ৮২০ জন হাজি দেশে ফিরেছেন।


এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৫১ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা হয়নি।


হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন অসুস্থতায় সৌদি আরবের হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৭ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।


এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো মোট ৬৩ হাজার ৪২৭ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে আরও ২৭ হাজার ৮১০ জন হাজি সেবা পেয়েছেন।


চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল, যা শেষ হয় ২১ মে। এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।