রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
জাতীয়
জাতীয়

সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ১১৪ কোটি টাকা

Published: November 22, 2026 at 12:27 PM
সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ১১৪ কোটি টাকা

সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ধরা হয়েছে ১১৪ কোটি টাকা। এতে মোট ব্যয় দাঁড়াবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। প্রত্যেক এমপির জন্য বরাদ্দ দুটি করে স্কুল। প্রাক উন্নয়ন প্রস্তাবনা অনুযায়ী, স্কুলগুলোতে থাকবে এআই প্রযুক্তি, জাপানি ধাচেঁর খাবার, সাঁতারের অত্যাধুনিক ব্যবস্থা, সবুজ ক্যাম্পাসসহ এলাহি সব আয়োজন। আর এসবই বানানো হবে সিংহভাগ টাকা ঋণ করে। এডিপিতে না থাকলেও, সঙ্কটের এই সময়েও, বিশাল এই প্রকল্প চূড়ান্তের পথে সংশ্লিষ্ট বিভাগ। যার কঠোর সমালোচনা করলেন বিশ্লেষকরা। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা বহুদিনের। অবকাঠামো থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। অভিযোগ আছে গুণগত মান নিয়েও। কিন্তু দায়িত্বের পর, সেসব সমাধান না করে, আবারো বিলাসবহুল প্রকল্পের দিকেই ঝুঁকছে বিএনপি। যার বড় উদাহরণ হতে যাচ্ছে সংসদীয় আসনগুলোতে ৬শ মডেল স্কুল ও কলেজ নির্মাণ। যাতে ব্যয় হবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। অথচ, অনুমোদন নেই এডিপিতে। চরম আর্থিক সঙ্কটে ঋণনির্ভর এই প্রকল্প নেয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। আশ্চর্যের বিষয় হলো, এমনসব উপাদান যুক্ত করা হচ্ছে, যার আদৌ প্রয়োজন আছে কি না, তা মূল্যায়ন করা হয়নি। যেমন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সমন্বিত ব্যবস্থা-স্টেম, এআই, জাপানি ধাচেঁর খাবার, সুইমিং পুল এবং খেলাধুলাসহ এলাহী সব আয়োজন থাকবে স্কুলে। তৈরি হবে আবাসিক ব্যবস্থা, ছাদ সোলার এবং সবুজ ক্যাম্পাস। এই শিক্ষাবিদের মতে, মানের দিকে নজর না দিয়ে, এই প্রকল্প বোঝা হয়ে দাঁড়াবে অর্থনীতির জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর'র শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'নতুন একটা বা দুইটা স্কুল না বানিয়ে পাঁচটা স্কুলকে ডেভেলপ করি। একটা পরিকল্পনা করে প্রত্যেক সংসদীয় এলাকায় বা প্রতি উপজেলায় অথবা প্রতি জেলায় পাঁচটা করে স্কুল ডেভেলপ করি। নতুন করে স্কুল বানানোর কোন দরকার নেই। নতুন করে স্কুল বানানো মানে নতুন করে কেনাকাটা করবে, নির্মাণ করবে এর সাথে অনেক কিছু জড়িত। আমি মনে করি যে এগুলো হল অপ্রয়োজনীয়। এগুলোতে টাকার অপচয় হওয়ার অনেক আশঙ্কা থাকে।' বিশাল এই প্রকল্পের জন্য ৭০ শতাংশ বা ৪৮ হাজার কোটি টাকা আশা করা হচ্ছে ঋণ হিসেবে। প্রাক উন্নয়ন প্রস্তাবনায় বলা হয়, ঋণের অর্থ দ্রুত পাওয়ার জন্যও গুরুত্বপূর্ণ এই প্রকল্প। প্রতিটি সংসদীয় আসনে একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় নির্মাণ করা হবে এই প্রকল্পের টাকায়। যেখানে, জমি অধিগ্রহণ, মসজিদ, মেডিক্যাল সেন্টারও বানানো হবে বিদ্যালয় সীমানায়। আর সবকিছু আমলে নিলে, একেকটি স্কুলের পেছনেই ব্যয় হবে ১১৪ কোটি টাকা। প্রশ্ন হলো, এতো ব্যয় কোথায় হবে? প্রকল্পের অনুমোদন কিংবা আলোচনা না হলেও, বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের পয়লা সেপ্টেম্বর থেকেই।