শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
বিনোদন
বিনোদন

রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা

Published: November 14, 2026 at 01:51 PM
রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা

রেদওয়ান রনি-বুলবুল টুম্পার পরিচয়ে বার্তা পাঠিয়ে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র শাকিব খানের নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ; এমন প্রস্তাব দিয়ে শিশুশিল্পী দিশামনির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেছে একটি প্রতারক চক্র। নির্মাতা রেদওয়ান রনি ও মডেল বুলবুল টুম্পার নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে চলছিল এই তৎপরতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর সতর্ক করেছেন রেদওয়ান রনি। শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তার সম্প্রতি এমন প্রতারণার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে তিনি পুরো ঘটনা তুলে ধরেছেন। সেখানে দেখা যায়, রেদওয়ান রনির পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে ফোনে কথা বলছেন। ওই ব্যক্তি দাবি করেন, শাকিব খানকে নিয়ে ‘তূর্য’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন তিনি। সিনেমাটিতে একজন শিশুশিল্পী প্রয়োজন। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে অভিনয়ের জন্য দিশামনিকে নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি। এমনকি ডিসেম্বরেই শুটিং শুরুর কথা বলেন কথিত ওই নির্মাতা। তবে, কথোপকথনের একপর্যায়ে সন্দেহ হয় রিমার। তিনি ও তার এক সহকর্মী ওই ব্যক্তিকে নানা প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে সুযোগ বুঝে ফোন কেটে দেন কথিত রেদওয়ান রনি। এরপর কীভাবে এই যোগাযোগের সূত্রপাত, সেটিও জানান রিমা। তার ভাষ্য, প্রথমে বুলবুল টুম্পার পরিচয়ে তাকে একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে দিশা অভিনয় করবে। এ বিষয়ে রনি ভাইয়ের সঙ্গে কথা বলতেও বলা হয়। পাশাপাশি রেদওয়ান রনির নাম ও পরিচয় ব্যবহার করে একটি ফোন নম্বর দেওয়া হয়। ঘটনাটি নিয়ে রসিকতা করে রিমা বলেন, “ওরা আমাকে তার সঙ্গে খুব নরম সুরে কথা বলার জন্য বলেছে।” এরপর কথিত রেদওয়ান রনি মুঠোবার্তায় তার সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে বিষয়টিকে সত্যি মনে করলেও পরে সন্দেহ বাড়ে রিমার। কারণ, ওই ব্যক্তি একজন অপরিচিত মেয়ের ছবি পাঠিয়ে সিনেমার অভিনেত্রী বাছাইয়ের বিষয়ে তার পরামর্শ চান।রিমার ভাষ্য, “আমার সন্দেহ হলো তখনই। এমন একজন পরিচালক কেন আমার কাছে অভিনেত্রী নির্বাচনের পরামর্শ চাইবেন? সন্দেহ দূর করতে সরাসরি বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করেন রিমা। তখন টুম্পা তাকে জানান, যে নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেটি তার নয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সতর্ক করে রিমা জানান, এটি প্রতারণার ঘটনা। পরিচিত ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারকেরা এভাবে গণমাধ্যম অঙ্গনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি নজরে আসার পর রিমার প্রকাশ করা ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন রেদওয়ান রনি। একইসঙ্গে, নিজের ছবি ব্যবহার করে ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে যোগাযোগের বিষয়ে সতর্কবার্তা দেন এই নির্মাতা ও প্রযোজক। রনি লেখেন, “বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে যোগাযোগ করা হচ্ছে। এর আগেও এমন দুইজন প্রতারককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। নিজের ব্যক্তিগত ফোন নম্বর উল্লেখ করে রনি আরো জানান, সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি শুধুমাত্র এই নম্বরটি ব্যবহার করি: +88017**65**85 অপরিচিত কেউ আমার পরিচয়ে যোগাযোগ করলে অনুগ্রহ করে নম্বরটির সিরিজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই আমার ভেরিফায়েড সামাজিক মাধ্যমের প্রোফাইল ছাড়া যোগাযোগ না করার অনুরোধ রইল। পাশাপাশি নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের লিংকও দিয়েছেন তিনি। শাকিব খানের সিনেমায় অভিনয়ের প্রলোভন দেখিয়ে শুরু হওয়া এই প্রতারণার ঘটনায় এখন পর্যন্ত বুলবুল টুম্পার কোনো বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায়নি। তবে, ঘটনাটি আবারো মনে করিয়ে দিয়েছে, পরিচিত তারকার নাম কিংবা সিনেমায় কাজের প্রস্তাব পেলেই তা বিশ্বাস করার সুযোগ নেই। যোগাযোগের সত্যতা যাচাই না করে ব্যক্তিগত তথ্য দেওয়া বা কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই জরুরি।