চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লোকসংগীত ও গম্ভীরা পরিবেশিত হয়েছে। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজ বুধবার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুমিয়া সুহজনী মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের SSBC প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল এবং পিএফটিআই এর টীম লিডার আহম্মেদ ফ্রান্স। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
গম্ভীরা পরিবেশনায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুর প্রতি সহিংসতা, শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংগীতের মাধ্যমে সহজ-সাবলীল ভাষায় সামাজিক সমস্যাগুলো উপস্থাপন করা হয়। বিশেষ করে বাল্যবিবাহের কারণে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা তুলে ধরে এ সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও আলোচনা করা হয়। মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী যত্ন, শিশুর পুষ্টি, স্বাস্থ্যসম্মত পরিচর্যা এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের দায়িত্ব ও করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ ও সম্মিলিত উদ্যোগ। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পরিবার এবং সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা শিশুদের নিরাপদ শৈশব, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।