মিশরের গিজা শহরের কাছে আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রোগীদের উপচে পড়া ভিড়। জরুরি চিকিৎসার চাহিদা মেটাতে এলাকাটির সব হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। বগি দুমড়ে-মুচড়ে যাওয়া এই দুর্ঘটনায় ট্রেন চালকসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মিশরের গিজা ও কায়রো থেকে দক্ষিণ অভিমুখে ছেড়ে যাওয়া দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার গিজা থেকে ফাইয়ুমগামী প্রথম ট্রেনটি লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে একাধিক বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, উল্টে যাওয়া দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতর আটকে পড়া আহতদের উদ্ধার করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। একটি বগির বডি ভেঙে দু-টুকরো হয়ে গেছে। দুর্ঘটনার পর পরই মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্ধার হওয়া বিপুল সংখ্যক আহতদের চিকিৎসায় আশেপাশের হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে আসা রোগীদের অধিকাংশেরই শরীরের হাড় ভেঙে গেছে। অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা এবং বিপর্যস্ত পরিবারগুলোকে সেবা প্রদান করছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে এবং কারো কোনো গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে তাকে কঠোর জবাবদিহিতার আওতায় আনতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের (আপার ইজিপ্ট) মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি ও ট্রেনের ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে ভারী ক্রেন পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে এই দুর্ঘটনাস্থল আল-আইয়াতের কাছাকাছি এলাকাতেই কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে অগ্নিকাণ্ডে মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন ট্র্যাজেডি ঘটেছিল।