চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। গতকাল রাতে জেলাশহরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে সার্বিক আয়োজন ও পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক শহরের স্কুল-কলেজ রোডের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির, বারঘরিয়া বাইশপুতুল সর্বজনীন দুর্গামন্দিরসহ অন্যান্য মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনকালে কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়া বাইশপুতুল সর্বজনীন দুর্গামন্দিরের পক্ষ থেকে জেলা প্রশাসককে উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক দেয়া হয়। পরে আগত ভক্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক। এসময় তিনি বলেন, বহু বছর ধরেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই পারস্পরিক সম্পর্ক বজায় রেখে পূজা উদ্যাপিত হচ্ছে, এটাই সম্প্রীতির অনন্য উদাহরণ। সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সবসময় বজায় রাখব। ধর্ম বর্ণ জাতি গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।