শরতের বিদায়, হেমন্তের আগমন। প্রকৃতিতে ঋতু পরিবর্তনের এই সময়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের বাজারে দেখা যাচ্ছে দামের ওঠানামা। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে কমেছে অধিকাংশ সবজির দাম। তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। অন্যদিকে, চালসহ কিছু মুদি পণ্যের দাম বাড়লেও বেশির ভাগ পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই, বেড়েছে শুধু প্যারেন্ডস মুরগির দাম।
বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ফুলকপির দাম কেজিতে ৪০ টাকা কমে ৮০ টাকায় নেমেছে। বাঁধাকপি ৬০ টাকা, পটল ৩০ টাকা, লাউ ৩০ টাকা পিস এবং চালকুমড়া ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচের দাম কমে ৮০ থেকে ৯০ টাকা, ধনেপাতা ১০০ থেকে ১২০ টাকা এবং পালংশাক ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুঁইশাকের আঁটি বিক্রি হচ্ছে ৮ টাকায়। ব্যবসায়ীদের আশা, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে।
এদিকে, মুদি পণ্যের বাজারে চালের দাম বেড়েছে। ২৮ চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৫৭ টাকায় দাঁড়িয়েছে। অন্যান্য চালের দামও কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কেজিতে ১০ থেকে ১৫ টাকা করেছে আতব চাউলের দাম। অন্যদিকে, চিনির দাম কমে ১০৬ টাকা কেজি হয়েছে। ডিমের দাম হালিতে ৪৮ টাকা থেকে কমে ৪৭ টাকা হয়েছে। সয়াবিন তেল ২০৮ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদা ও রসুনের দাম বেড়ে কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। দুর্গাপূজার কারণে জেলেদের মাছ ধরার কার্যক্রম কম থাকায় সরবরাহে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাচা মাছ ১ হাজার ১০০ টাকা, আইড় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, বোয়াল ১ হাজার ১০০ টাকা এবং ছোট চিংড়ি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া এক কেজি ওজনের রুই মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, আড়াই থেকে তিন কেজি ওজনের কাতলা ৪২০ টাকা এবং চার কেজি ওজনের কাতলা ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পূজার পর মাছের সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।
অন্যদিকে, মুরগির বাজারে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। প্যারেন্টস মুরগি ৩৫০ টাকা, প্যারেন্টস মোরগ ৩৬০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা, লেয়ার ৩২০ টাকা এবং লাল ও সাদা লেয়ার ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৪৮০ থেকে ৫০০ টাকা এবং দেশি হাঁস ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্যারেন্টস মুরগির দাম কিছুটা বাড়লেও লেয়ারের দাম কমেছে।
এ ছাড়া গরুর মাংস আগের মতোই ৭০০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা এবং মহিষের মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে, এ সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে শীতকালীন সবজির দাম কমলেও দুর্গাপূজার প্রভাবে মাছের বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। পাশাপাশি চাল, আদা ও রসুনের বাড়তি দামও ক্রেতাদের জন্য কিছুটা চাপ তৈরি করেছে।