মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 20, 2026
October 20, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

Published: October 20, 2026 at 11:12 AM
কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক।  সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানিয়েছেন, আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দুর্ঘটনা মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। তবে দুর্গম অবস্থানের কারণে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখে পড়তে হচ্ছে।


ঘন বনাঞ্চলে ঘেরা সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় নৌকা কিংবা ছোট উড়োজাহাজ ছাড়া যাতায়াত করা কঠিন। গভর্নর এসকোবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খনিটিকে অনানুষ্ঠানিক খনি হিসেবে উল্লেখ করেছেন। কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনিয়ন্ত্রিত খনন কার্যক্রম প্রচলিত। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন গভর্নর এসকোবার।