চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহতা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো ১০৫ জন মানুষ। জেলা হাসপাতালে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোরী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদ পাড়া মহল্লার মো. মাহবুব আলমের মেয়ে মুসকান আরা মিম (১৬)। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত ৮ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাত ১ টা ৫ মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মিমকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন মিম। এনিয়ে জেলা হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে।
এদিকে ইতোমধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার এবং চিকিৎসক ও নার্সসহ বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
অন্যদিকে জেলা প্রশাসনের গঠিত ৮টি টিম আজ ও আগামীকাল ছাড়া কার্যদিবসের অন্যান্য দিন বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন অভিযান পরিচালনা করছে। বহু বাড়িতে এডিস মশার লার্ভাও পাওয়া যাচ্ছে এবং তা ধ্বংসও করা হচ্ছে। বারবার বলা সত্ত্বেও মানুষ কর্ণপাত না করায় ভ্রাম্যমাণ আদালতে কয়েকটি বাড়িতে জরিমানও করা হয়েছে। তবুও মানুষ সচেতন হচ্ছে না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। বিশেষ করে স্বচ্ছ পানি জমে এমন পাত্রে এডিস মশা অনায়াসেই জন্ম দিচ্ছে এডিস মশা।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনকে জেলা হাসপাতালে, ২জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৪৪ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর সুস্থ হওয়ায় ৫১জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুসহ ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ২৯ জন পুরুষ ও ৪২ জন নারীসহ ভর্তি রোগী ৭১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ১৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ও ১ জন নারীসহ ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ১ নারীসহ ৫ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৮ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের।