বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
খেলাধুলা
খেলাধুলা

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনাঞ্জয়া

Published: October 08, 2026 at 11:03 AM
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনাঞ্জয়া

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে অধিনায়কত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। নতুন প্রজন্মের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার সময় এসেছে এমন ভাবনা থেকেই তার এই সিদ্ধান্ত। ২০২৪ সালে দিমুথ করুণারত্নে অবসরের পর টেস্ট দলের অধিনায়কত্ব পান ধনাঞ্জয়া। এরপর ১৮টি টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে ৭টি জয়, ৮টি হার ও ৩টি ড্র দেখেছেন তিনি। তার নেতৃত্বে আফগানিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।


শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটির কাছে দেওয়া চিঠিতে ধনাঞ্জয়া জানান, দলের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি নয়। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই বাংলাদেশের বিপক্ষে সিলেটে জোড়া সেঞ্চুরি করেছিলেন ধনাঞ্জয়া। ওই ম্যাচে শ্রীলঙ্কা ৩২৮ রানের বড় জয় পায়। অধিনায়কত্বের সময়ে আরও দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এই সময়ে ব্যাট হাতে তার গড় ছিল ৩৬.৪৫।


শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা ধনাঞ্জয়াকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে, ধনাঞ্জয়ার পদত্যাগের পর শ্রীলঙ্কার টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা এখনো ঘোষণা করেনি দেশটির ক্রিকেট বোর্ড।