চাঁপাইনবাবগঞ্জে একদিনে নতুন করে আরো ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৯ জনকে। নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালে ২২ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ রোগী ভর্তি হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নতুন ২৫ জন রোগীর মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ ৯ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ৪৪ জন পুরুষ ও ৩৯ জন নারীসহ ভর্তি রোগী ৮৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ ৭ জন, গোমস্তাপুরে ১০ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ পুরুষ ও ভোলাহাটে ৪ জন পুরুষ ও ১ জন নারীসহ ৫ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৮ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের।