চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু শুধু শহর নয়, বস্তি নয়, ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মশা নিধনসহ তার প্রজনন স্থান ধ্বংস করা জরুরি হয়ে পড়েছে। এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভাগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসন গঠিত ডেঙ্গু প্রতিরোধ কমিটির টিম লিডার, পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্কাউটস সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া, মাছবাজার এলাকায় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় টিম লিডার ও পৌরসভার নির্বাহী প্রকেশৗলী তৌফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন— চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও কাউন্সিলরের দায়িত্বে থাকা মো. হারুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা। অপরদিকে ৩ নম্বর টিম লিডার ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালানো হয়। এছাড়া পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের টিম লিডার কর নির্ধারক এনামুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অন্যান্য টিমের নেতৃত্বেও অভিযান চালানো হয়।