চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন— ‘তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার’।
‘আফলোডিং ইনফরমেশন ইন্টিগ্রিটি ইন দ্য ডিজিটাল এজ : দ্য রোল অব অ্যাকসেসেস টু ইনফরমেশন ইন অ্যাড্রেসিং ইনফরমেশন ডিজর্ডার’— প্রতিপাদ্যকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন— সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তাই দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন অপরিহার্য। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করে সম্পৃক্ত করতে না পারলে উন্নয়ন টেকশই হবে না। তথ্য অধিকার আইনে স্বপ্রণোদিতভাবে তথ্য উন্মুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তাকে স্ব স্ব কার্যালয়ের তথ্য স্বপ্রণোতিদতভাবে জনগণের জন্য উন্মুক্ত করার অনুরোধ জানান। তিনি জেলা ওয়েবপোর্টালে যুক্ত সকল সরকারি দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য দপ্তর প্রধানগণেরও প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বিসিক’র সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খাইরুল ইসলাম। সভায় সনাকের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. শফিকুল ইসলাম।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সনাক, ও ইয়েস গ্রুপের সদস্য, টিআইবি কর্তকর্তাসহ বিভিন্ন পেশার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে টিআইবি’র বিভিন্ন দাবি সংবলিত ধারণাপত্র বিতরণ করা হয়।