চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। এই ৯৮ জনের মধ্যে ৬০ জন পুরুষ ও ৩৮ জন নারী রয়েছেন।
এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার সবগুলো পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো ডেঙ্গু নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এডিস মশার সংক্রমণ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার জানানো হয়েছে, গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩১ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ১ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ৩৬ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন।
অন্যদিকে ৪২ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
একই সময়ে জেলা হাসপাতাল থেকে ২৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনসহ মোট ৩০ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২৩ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।