চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণশহর গুচ্ছগ্রামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, যুব ও কিশোর-কিশোরী ফোরামের সদস্য, এনজিও প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভার সভাপতি ইউপি সদস্য মতিউর রহমান বলেন, গত চার বছরে বাল্যবিবাহের কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবার ও সমাজের মানুষকে আরও সচেতন করতে হবে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংলাপে আলোচক ধর্মীয় নেতা মাওলানা ওয়ালিদ হাসান বলেন, তিনি কোনো বাল্যবিবাহ পড়াননি। ধর্মীয় ও সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সংলাপে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশুর প্রতি শারীরিক ও মানসিক সহিংসতা বন্ধ, শিশু সুরক্ষা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা এবং কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, পরিবার, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সামাজিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও শিশুদের বিভিন্ন ঝুঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।