সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 21, 2026
September 21, 2026
বিনোদন
বিনোদন

ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

Published: September 21, 2026 at 11:12 AM
ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান রামেশ্বর নাথ কাও-কে নিয়ে একটি বড় বাজেটের চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশনস’ এবং ‘লিও মিডিয়া কালেক্টিভ’-এর যৌথ প্রযোজনায় তৈরি হতে যাওয়া এই স্পাই-অ্যাকশন বা গোয়েন্দা-অ্যাকশন ঘরানার চলচ্চিত্রটির নাম এখনও ঠিক করা হয়নি। ছবিটি ২০২৮ সালের ১১ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ‘র’-এর প্রতিষ্ঠার ৫৮ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হলো। ২০২৮ সালে সংস্থাটির যাত্রার ৬০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবেই এই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নীতিন গোখলের লেখা ‘জেন্টলম্যান স্পাইমাস্টার’ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিতব্য এই চলচ্চিত্রে ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কাও-এর কর্মজীবন ও যাত্রাপথ তুলে ধরা হবে। এতে ‘র’ গঠনের প্রেক্ষাপট এবং ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় সংস্থাটির প্রথম বড় অভিযানের ঘটনাগুলোও স্থান পাবে।


প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন পর্যায়ে রয়েছে এবং নির্মাতারা চলতি বছরের মাঝামাঝি সময়ে এর শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। এই চলচ্চিত্রে ‘র’ গঠনের আগের সময়কাল এবং বিশ্বমঞ্চে ভারতের গোয়েন্দা কার্যক্রমের রূপরেখা তৈরিতে ‘কাও’-এর ভূমিকা তুলে ধরা হবে। ভারতীয় গোয়েন্দা জগতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত কাও-এর কর্মপদ্ধতি ও কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে পরবর্তী সময়ে ‘র’-এর একাধিক সাবেক প্রধান আলোচনা করেছেন।


এক আনুষ্ঠানিক বিবৃতিতে করণ জোহর বলেন, গত দুই বছর ধরে ‘লিও মিডিয়া’ অত্যন্ত নিষ্ঠা ও আবেগের সাথে এই কাহিনি নিয়ে গবেষণা ও চিত্রনাট্য তৈরির কাজ করছে। আমরা চাই সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি একটি টানটান উত্তেজনাময় গল্প হয়ে উঠুক, যার মাধ্যমে ‘র’-এর প্রতি শ্রদ্ধা জানানো যাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মাইলফলক বছরকে একটি বলিষ্ঠ চলচ্চিত্রের মাধ্যমে উদযাপন করা সম্ভব হবে। ‘ধর্মা’র পুরো দলই এই কাজ শুরু করার জন্য অত্যন্ত উচ্ছ্বসিত।


‘ব্যাড নিউজ’ এবং ‘কেশরী: চ্যাপ্টার ২’-এরপর এটি ‘ধর্মা প্রোডাকশনস’ এবং ‘লিও মিডিয়া কালেক্টিভ’-এর মধ্যে আরও একটি যৌথ উদ্যোগ। নির্মাতারা এটিকে একটি বিশাল পরিসরের গোয়েন্দা-অ্যাকশনধর্মী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করছেন। ছবিটির নাম, পরিচালক বা কুশীলবদের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এতে একজন শীর্ষস্থানীয় তারকা যুক্ত রয়েছেন।