এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মিয়ানমারের সঙ্গে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। এই ড্রয়ের মধ্য দিয়ে ১ পয়েন্ট নিয়ে নিজেদের এশিয়াড মিশন শেষ করলো লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার জাপানের নাগাই স্টেডিয়ামে মিয়ানমারের বিপক্ষে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের। এই ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান শেষ হলো। ম্যাচের শুরু থেকেই সাবিনা-ঋতুপর্ণাদের চাপে রাখার চেষ্টা করে মিয়ানমার। দ্বিতীয় মিনিটেই পরপর দু’টি শট নেয় তারা, যার একটি দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক। ২০ মিনিটে মিয়ানমারের আরেকটি প্রচেষ্টা ব্লক করে দেয় বাংলাদেশের রক্ষণভাগ।
আক্রমণ সামলে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশও। ১৯ মিনিটে আফঈদা খন্দকারের ফ্রি-কিক এবং ৪০ মিনিটে ঋতুপর্ণা চাকমার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে হয়তো গল্পের চিত্রটা ভিন্ন হতে পারত। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে সমানে সমান। তবে শেষদিকে জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে ওঠে মিয়ানমার। ৭৭ থেকে ৭৮ মিনিটের মধ্যে তারা বেশ কয়েকটি ভয়ংকর আক্রমণ শাণায়। একের পর এক কর্নার আদায় করে নিলেও বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি তারা।
বাংলাদেশও শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি। ৮৬ মিনিটে ঋতুপর্ণার একটি জোরালো শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। এরপর ফিরতি আক্রমণ থেকে অফসাইডের ফাঁদে পড়ে দল। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপে বাংলাদেশের শুরুটা হয়েছিল বিভীষিকাময়। প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে উড়ে যায় দল, যা মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তিন দিন পর দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হার। শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে ড্রয়ের মধ্যদিয়ে ১ পয়েন্ট নিয়ে নিজেদের এশিয়াড মিশন শেষ করলো লাল-সবুজের প্রতিনিধিরা।