সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 21, 2026
September 21, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভয়াবহ দাবানল, পুড়েছে ২০০ হেক্টর বনভূমি

Published: September 21, 2026 at 10:59 AM
কলম্বিয়ায় ভয়াবহ দাবানল, পুড়েছে ২০০ হেক্টর বনভূমি

কলম্বিয়ার মধ্যাঞ্চলের জনপ্রিয় পর্যটন নগরী ভিলা দে লেইভার কাছাকাছি একটি বনাঞ্চলে রোববার হঠাৎই ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল—এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এএফপির। খবরে বলা হয়, ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো সড়কের জন্য খ্যাত আন্দিজ অঞ্চলের এই শহরের কেন্দ্রীয় চত্বর থেকেও আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রতি বছর যেখানে ১০ লাখের বেশি পর্যটকের পদচারণা থাকে, সেই প্রাণচঞ্চল শহরটি মুহূর্তেই উদ্বেগ আর আতঙ্কে ঢেকে যায়। 


স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো এএফপিকে বলেন, এ পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।  রোববার সকালে জানানো ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় এটি চার গুণেরও বেশি। শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। এ সময় একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছোড়া হয়।


গভর্নরের কার্যালয়ের দু’টি হেলিকপ্টার ও সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। বোগোতার দমকলকর্মীরাও এতে অংশ নেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এক্সে লিখেছেন, ‘এই আগুন নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগাব।’ দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা রোববার বিকেলে এক বিবৃতিতে জানায়, আগুনের ৫০ শতাংশ ‘নিয়ন্ত্রণে’ এসেছে। নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগা সাধারণ ঘটনা। তবে বর্তমানে বিরাজমান এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।