বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বলেছেন, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন, আমাদের যে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, এটি মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে। প্রথম উদ্দেশ্য, কাবাডি আমাদের জাতীয় খেলা। এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে যাতে বেস্ট প্লেয়ারগুলোকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবার মুখ উজ্জ্বল করতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি— সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এটি পরিচালিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাকালে ডিআইজি আরো বলেন— আমাদের দেশের যুবসমাজ অনলাইন জুয়া, মাদক কিংবা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে গতানুগতিক যেসব কার্যক্রম তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই খেলার আয়োজন করার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, আমাদের যুব সম্প্রদায় ও ছাত্রসমাজ যেন খেলাধুলার প্রতি মনোনিবেশ করেন। আমরা তাদেরকে অসৎ কার্যক্রম থেকে সৎকাজে ফিরিয়ে আনতে চাই। তিনি ছাত্র-যুবকদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
ডিআইজি বলেন, আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে খেলবে। পরে রাজশাহী বিভাগের আটটি জেলার সমন্বয়ে যে বেস্ট টিম হবে, সে বেস্ট টিম থেকে আপনারা ঢাকাতে জাতীয় খেলায় অংশ নিতে পারবেন।
তিনি বলেন, আপনাদেরকে একটি কথা বলতে চাই। তাহলো, জাতীয় পর্যায়ে যদি আপনারা সিলেক্ট হন, আপনাদের সামনে সুযোগ রয়েছে— আপনারা চুক্তিবদ্ধ হবেন এবং প্রতি মাসে ১ লাখ টাকা করে প্রাইজমানি পাবেন। কাজেই এটি আপনাদের জন্য বিশাল সুযোগ যে, আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করার।
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত দুই দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব হাসিব হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসরাম তোফা ও মুস্তাফিজুর রহমান মুকুল।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সদর থানা কাবাডি দল ও নাচোল থানা কাবাডি দলের মধ্যে। খেলার প্রথমার্ধে সদর থানা দল ৩৩ ও নাচোল থানা দল ১৬ পয়েন্ট নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শেষে সদর থানা দলের পয়েন্ট দাঁড়ায় ৫৬ ও নাচালের ২৮ পয়েন্ট। ফলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সদর থানা কাবাডি দল। রানারআপ হয় নাচোল থানা কাবাডি দল।
খেলা শেষে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।