চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কাবাডি চ্যাম্পিয়শিপের উদ্বোধন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। এছাড়াও বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব হাসিব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, ৫ থানার অফিসার ইনচার্জসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জানান, ইতোমধ্যে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেইসব উপজেলা থেকে বাছাই করা ৫টি দল জেলাপর্যায়ের এই খেলায় অংশ নিচ্ছে। এইসব খেলোয়াড়দের মধ্য থেকে ১৪ জনকে বাছাই করা হবে। তাদের মধ্যে ১২ জন বিভাগীয় পর্যায়ে খেলবে এবং বিভাগীয় পর্যায়ে জয়লাভ করতে পারলে জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিবে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মাদক, জুয়া এবং মোবাইল ফোনের খারাপ দিক বর্জন করে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য যুবসামজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন— কলোনিয়াল ব্যবস্থা থেকে উত্তরণ করে পুলিশ এখন জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করছে। পুলিশের এই কাজকে আরো সহজ করার জন্য কমিউনিটি পুলিশিংকে জোরদার করা হচ্ছে।