বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 17, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

হুথিদের জন্য সহায়তা নিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি

Published: September 17, 2026 at 10:54 AM
হুথিদের জন্য সহায়তা নিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নিচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকমের মধ্যস্থতায় ইসরায়েলের গোয়েন্দা তথ্য সৌদির কাছে যাচ্ছে। তবে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য নিলেও তাদের সঙ্গে শর্তবিহীনভাবে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি। দেশটির একটি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যে ধারণা করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে সৌদি শর্ত নমনীয় হবে, এটি ভুল ধারণা। গত ফেব্রুয়ারিতে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। আর এই যুদ্ধের প্রভাবেই সৌদি ও ইয়েমেনের হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। গতকাল বুধবার সৌদি আরব দাবি করে হুথি বিদ্রোহীরা পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার চেষ্ট করেছে। এরপর বিভিন্ন দেশ এটির নিন্দা জানায়। তবে কেউই সামরিকভাবে সৌদিকে সহায়তার প্রতিশ্রুতি দেয়নি। এরমধ্যে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে এসেছে। এজন্য তারা ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে। হুথিদের বিরুদ্ধে সৌদি আরব লড়াই করছে দুটি বিষয় মাথায় রেখে। প্রথমত তাদের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষা করতে হবে। দ্বিতীয়ত তেল পরিশোধনাগারগুলোকে হুথিদের হামলা থেকে দূরে রাখতে হবে। সৌদির মিত্র দেশগুলো হুথিদের হামলার নিন্দা জানালেও তারা এখন কূটনৈতিক পথে এই উত্তেজনা নিরসনে কাজ করছে।

সূত্র: কান নিউজ