বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি যাচ্ছে বিশেষ টিম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব শিশুকে সাঁতার শেখানোর আগে যে ১০ বিষয় জানা জরুরি হাসান নন আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা বিপিএলে দুর্নীতির অভিযোগ আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান
Printed on: September 17, 2026
September 17, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

৭৬ বছর বয়সেও মোদীর ফিট থাকার রহস্য কী

Published: September 17, 2026 at 10:39 AM
৭৬ বছর বয়সেও মোদীর ফিট থাকার রহস্য কী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ৭৬ বছর। তার দীর্ঘ কর্মঘণ্টা, যোগব্যায়াম ও শরীরচর্চা নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে তার খাবারের তালিকা খুব একটা জটিল নয়। বরং সাধারণ ভারতীয় ঘরোয়া খাবার, স্থানীয় উপকরণ এবং নির্দিষ্ট সময়ে উপবাসই তার খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। মোদীর খাবারের কোনো বিশেষ বা বিলাসবহুল ডায়েট চার্ট নেই। তিনি বিভিন্ন সময়ে জানিয়েছেন, তার খাবারে রুটি, ডাল, ভাত, সবজি, চিঁড়ে, উপমা ও বিভিন্ন আঞ্চলিক খাবার থাকে। এর পাশাপাশি তিনি প্যাকেটজাত ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার ওপর গুরুত্ব দেন।


নিয়মিত খাবারের তালিকায় মোরিঙ্গা পরোটা

মোদীর খাদ্যাভ্যাসের সঙ্গে সবচেয়ে বেশি যে খাবারটির নাম জড়িত, সেটি হলো মোরিঙ্গা পরোটা। বাংলায় যাকে সজনে পাতা বলা হয়। ২০২০ সালে ‘ফিট ইন্ডিয়া ডায়ালগ’-এ পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের সঙ্গে কথোপকথনের সময় মোদী জানিয়েছিলেন, তিনি সজনে পাতা দিয়ে পরোটা তৈরি করেন এবং সপ্তাহে এক থেকে দুইবার এটি খান। সজনে পাতায় ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। ফলে সাধারণ ভারতীয় খাবারের সঙ্গে এই পাতা যুক্ত করেই তিনি তা খাবারে রাখেন। ওই আলোচনায় মোদী তার মায়ের কথাও স্মরণ করেন। তিনি জানান, তার মা নিয়মিত তাকে জিজ্ঞেস করতেন, তিনি হলুদ খাচ্ছেন কি না। এতে বোঝা যায়, তার খাবারে হলুদসহ পরিচিত ভারতীয় উপকরণের ব্যবহারও দীর্ঘদিনের।


ঘরোয়া খাবারেই আস্থা

মোদীর খাদ্যাভ্যাসের বড় বৈশিষ্ট্য হলো সাধারণ ঘরোয়া খাবার। ডাল-ভাত, রুটি, সবজি, চিঁড়ে ও উপমার মতো খাবার তার আলোচনায় বারবার এসেছে। তিনি এমন খাবারের ওপর গুরুত্ব দিয়েছেন, যা ভারতীয় পরিবারগুলোতে সাধারণত রান্না করা হয়। অর্থাৎ স্বাস্থ্যকর থাকার জন্য আলাদা কোনো ফ্যাশনেবল ডায়েটের পরিবর্তে তাজা ও ঘরে তৈরি খাবার খাওয়ার ওপরই জোর দেওয়া হয়েছে। ডাল-ভাত বা ঘিয়ের মতো ঐতিহ্যবাহী খাবারকেও তিনি কোনো আধুনিক ‘হেলদি ফুড’ হিসেবে নয়, বরং ভারতীয় রান্নার পরিচিত অংশ হিসেবেই দেখেছেন।


উপবাসেও কঠোর নিয়ম

মোদীর খাদ্যাভ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। ধর্মীয় আচার অনুযায়ী বিভিন্ন সময়ে তিনি কঠোরভাবে উপবাস পালন করেন। ২০২৫ সালে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক কথোপকথনে মোদী চাতুর্মাস ও নবরাত্রির সময় তার উপবাসের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী, চাতুর্মাসের সময় তিনি ২৪ ঘণ্টায় একবার খাবার খান। তার ক্ষেত্রে এই সময়টি সাধারণত জুনের মাঝামাঝি থেকে দীপাবলির পর পর্যন্ত চলে। শারদীয় নবরাত্রির সময় তার উপবাস আরও কঠোর। মোদী জানিয়েছেন, তিনি টানা নয় দিন কোনো খাবার খান না। এ সময় শুধু গরম পানি পান করেন। তবে চৈত্র নবরাত্রিতে তাঁর নিয়ম কিছুটা আলাদা। তখন নয় দিন প্রতিদিন একটি নির্দিষ্ট ফল খান। উদাহরণ হিসেবে তিনি পেঁপের কথা বলেছেন। অর্থাৎ পেঁপে বেছে নিলে নয় দিনের উপবাসে প্রতিদিন শুধু ওই ফলই খান। মোদি আরও জানিয়েছেন, প্রায় ৫০ থেকে ৫৫ বছর ধরে তিনি এই ধরনের উপবাস পালন করে আসছেন।


গরম পানি দীর্ঘদিনের অভ্যাস

মোদীর দৈনন্দিন অভ্যাসের আরেকটি বিষয় হলো গরম পানি পান করা। তিনি বিভিন্ন সময়ে জানিয়েছেন, নিয়মিত গরম পানি পান করেন এবং ছোটবেলা থেকেই এই অভ্যাস রয়েছে। নয় দিনের নবরাত্রির উপবাসের সময় খাবার সম্পূর্ণ বন্ধ রাখলেও গরম পানি তাঁর পানীয় হিসেবে থাকে।


স্থানীয় খাবারই মূল

মোদীর খাদ্যাভ্যাসের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট সাধারণ ভারতীয় খাবারই সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। স্থানীয় উপকরণ, ঘরে রান্না করা খাবার এবং আঞ্চলিক রান্নার ওপর তাঁর নির্ভরতা রয়েছে। তার নিজের বক্তব্য অনুযায়ী, খাবারের তালিকায় রয়েছে ডাল, ভাত, রুটি, সবজি, চিঁড়ে, উপমা, বিভিন্ন আঞ্চলিক খাবার এবং সজনে পাতা দিয়ে তৈরি পরোটা। এর সঙ্গে রয়েছে হলুদসহ ভারতীয় রান্নার পরিচিত বিভিন্ন উপকরণ। এর পাশাপাশি বছরের নির্দিষ্ট সময়ে তিনি কঠোর উপবাস পালন করেন। অর্থাৎ ৭৬ বছর বয়সেও ফিট থাকার জন্য মোদীর খাবারের তালিকায় খুব জটিল কোনো ডায়েট নেই। বরং তার নিজের বর্ণনায়, সাধারণ ঘরোয়া খাবার, স্থানীয় উপকরণ, কম প্রক্রিয়াজাত খাবার এবং দীর্ঘদিনের উপবাসের অভ্যাসই তাঁর খাদ্যাভ্যাসের মূল ভিত্তি।

সূত্র: এনডিটিভি